আল-জামিয়াতুল ইসলামিয়াতুল জলীলিয়া, রাতাবাড়ীর শু'বায় ক্বিরাত বিভাগের সনদ (চূড়ান্ত) জামাতের ফলাফল আজ ১৫ জুলাই ২০২৬, বুধবার রাত ৭:০০টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে মাদ্রাসার অফিসিয়াল ওয়েবসাইট www.aljamiaratabari.in-এ তা দেখা যাবে।
প্রতি বছরের ন্যায় ২০২৬ খ্রিস্টাব্দ (১৪৪৭ হিজরী)-এর পবিত্র রমজান মাসে মাদ্রাসার ক্বিরাত বিভাগের উদ্যোগে মাসব্যাপী বিশেষ ক্বিরাত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। নির্ধারিত কোর্স-সিলেবাস অনুযায়ী মোট ৭টি জামাতে প্রশিক্ষণ পরিচালিত হয়। এর মধ্যে সনদ (চূড়ান্ত) জামাতে মোট ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তারা চূড়ান্ত মূল্যায়নে অংশ নেয়।
এর আগে জারিকৃত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আজ দুপুর ১:৩০টায় ফলাফল প্রকাশের সময় নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণে ফলাফল প্রকাশের সময় পরিবর্তন করে রাত ৭:০০টা নির্ধারণ করা হয়েছে। মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা নুরুল হক সাহেব এবং শু'বায় ক্বিরাত বিভাগের ভারপ্রাপ্ত ইনচার্জ মুফতি ফয়জুর রহমান ক্বাসিমী এই সময় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা সকল শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গত পবিত্র রমজানে আয়োজিত বিশেষ ক্বিরাত প্রশিক্ষণ কর্মসূচিতে হযরত মাওলানা ক্বারী শরিফ উদ্দিন ইরানী প্রধান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্বনন্দিত ক্বারী তোফাইল বিন আহমদ সাহেব মুখ্য প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন। এছাড়া আরও অন্যান্য বিশিষ্ট ও অভিজ্ঞ ক্বারী ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে মাসব্যাপী নির্ধারিত সিলেবাস অনুযায়ী নিবিড় প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের ফলাফল সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও নির্ধারিত মূল্যায়ন পদ্ধতির ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে সহজেই নিজেদের ফলাফল দেখতে পারবেন।

0 Comments